কুষ্টিয়া মিরপুর থানার কৃষক মহির হত্যা মামলায় আব্দুল মান্নান (৬৮) নামে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে এই মামলায় মিথ্যা সাক্ষীর দায়ে বাদী সামসুদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে মামলার আদেশ দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মিরপুর উপজেলার কেউপুর গ্রামের মৃত আতাবুদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান (৬৮)। মামলার বাদী একই গ্রামের মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে সামসুদ্দিন ও অপর সাক্ষী মৃত হোসেন মল্লিকের ছেলে শাজাহান আলীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীর দায়ে অভিযোগ এনে রাষ্ট্রপক্ষের মামলার আদেশ দে্ওয়্ হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জুন, বেলা সাড়ে ৩টায় ছাগলে গাছ খাওয়ার ঘটনার জের ধরে ছাগল মালিক মহির উদ্দিনের বাড়িতে হামলা করে।
এ সময় আসামি আব্দুল মান্নান লোহার রড দিয়ে মহির উদ্দিনের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন।
আহত মহির উদ্দিনকে পরিবারের লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান, সেখানে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন দুপুরে মহিরের মৃত্যু হয়।
এই ঘটনায় ১১ জুন নিহত মহিরের মামা সামসুদ্দিন বাদী হয়ে ২ আসামির নামোল্লেখসহ মিরপুর থানায় হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১১ সালের ৩১ ডিসেম্বর দ:বি: ৪৪৭/৩২৩/৩০২ ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মিরপুর থানার মহির উদ্দিন হত্যা মামলার চার্জগঠন ও সাক্ষী শুনানি শেষে আসামি আব্দুল মান্নানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।