নবীগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সামনেই বাগ্বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়েছেন স্থানীয় সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। রবিবার উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করতে আসেন। ফিতা কাটতে প্রতিমন্ত্রী নামফলকের দিকে এগিয়ে এলে তার পাশে দাঁড়ানো নিয়ে সাংসদ গাজী শাহনওয়াজ ও সাইফুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ ব্যাপারে গাজী শাহনওয়াজ বলেন, ‘সাইফুল জাহান অনুষ্ঠানে যে আচরণ করেছেন তা বেয়াদবি ছাড়া কিছুই নয়। তার আচরণে প্রতিমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন।’ এদিকে সাইফুল বলেন, ‘এমপি আমাকে প্রতিমন্ত্রীর কাছ থেকে সরিয়ে নিতে ঘুষি মারেন। আমি আত্মরক্ষার্থে তার হাত ধরে ফেলি। এছাড়া কোনো ঘটনা ঘটেনি।’
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, ‘অনুষ্ঠানে কিছু সমস্যা হয়েছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।’