চাঞ্চল্যকর কিশোর আমিনুল ইসলাম হত্যা মামলায় দুই কিশোরকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক কিরণ শংকর হালদার এ রায় ঘোষণা করেন। এ সময় তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
দণ্ডিতরা হলো আব্দুল মালেক রনি (১৬) ও নাঈমুল ইসলাম বাবু (১৭)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামিদের বেকসুর খালাস দেয় আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ মার্চ কিশোরগঞ্জ স্টেডিয়ামে বাণিজ্য মেলায় আসামিদের সঙ্গে আমিনুল ইসলামের (১৭) কথা-কাটাকাটি হয়। ১২ মার্চ বিকেল ৫টায় গুরুদয়াল সরকারি কলেজের মাঠে আমিনুলকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে তারা। এ ঘটনায় তার বাবা মতিউর রহমান বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।