সাবিনা ইয়াসমিনের নতুন গান
অনেকদিন পর অডিও আকারে একক গান প্রকাশ করতে যাচ্ছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তার গাওয়া নতুন গানের শিরোনাম ‘অভিমানের বৃষ্টি’। এর কথা লিখেছেন এ মিজান। সুর ও সংগীত আয়োজন করেছেন জিয়া খান। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্লেব্যাকের বাইরে অনেকদিন পর অডিওর জন্য কোনো গান করলাম। অভিমানের বৃষ্টি শিরোনামের এই গানের কথায় যেমন কাব্যের ছোঁয়া আছে, তেমনি সুরে আছে মেলোডির ছাপ। শ্রোতার কাছে মেলোডি সুরের আবেদন সবসময় ছিল। নিজেরও আছে আলাদা ভালোলাগা। এ কারণেই গান রেকর্ড করার পর এ ধরনের ভালোলাগায় মনটা ছেয়ে গেছে। গান শোনার পর শ্রোতাদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ সাবিনা ইয়াসমিনের এ গানটি শিগগির একটি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ পাবে বলে এর গীতিকার ও সুরকার জানান।
মুখোমুখি সালমান-অক্ষয়!
বলিউডে ঈদ মানেই সালমান খানের সিনেমা। আসন্ন ঈদেও যার ব্যতিক্রম হবে না বলে ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। কিন্তু আসন্ন ঈদে থাকছে অন্যরকম এক চমক। কারণ এই ঈদে পর্দায় মুখোমুখি হবে সালমান ও অক্ষয়ের দুই সিনেমা। আগেই ঘোষণা এসেছিল আসন্ন ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত সিনেমা ‘রাঁধে’। যেখানে সালমানের বিপরীতে দেখা যাবে বলিউডের গ্ল্যাম গার্ল দিশা পাটানিকে। আর এবার ঘোষণা এলো সালমানের এই ‘রাঁধে’ সিনেমাটির বিপরীতে বক্স অফিস যুদ্ধে নামবে অক্ষয়ের আসন্ন সিনেমা ‘লক্ষ্মী বম্ব’। যেটি জনপ্রিয় তামিল সিনেমা ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক। সম্প্রতি ফক্সস্টার তাদের অফিশিয়াল টুইটার পেজের মাধ্যমে ঘোষণা দিয়েছে ২০২০-এর ঈদে মুক্তি পাচ্ছে ‘লক্ষ্মী বম্ব’ সিনেমাটি। ‘লক্ষ্মী বম্ব’ সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার এবং কিয়ারা আদভানি। এটি পরিচালনা করছেন রাঘব লরেন্স। প্রযোজনায় থাকছে অ্যা কেপ অব গুড ফিল্মস প্রোডাকশন, সাবিনা এন্টারটেইনমেন্ট, তুষার এন্টারটেইনমেন্ট হাউজ এবং সিনেমাটির পরিবেশনায় রয়েছে ফক্সস্টার স্টুডিওস। ইতিমধ্যেই দুটি সিনেমারই শ্যুটিং শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় বক্স অফিসে সালমান ও অক্ষয়ের লড়াই কতটা জমে।
সৃষ্টির ২৫-এ বছরব্যাপী আয়োজন
শাস্ত্রীয় নাচ ‘ভরতনাট্যম’ চর্চার অন্যতম প্রতিষ্ঠান সৃষ্টি কালচারাল সেন্টার। দলটি এ বছর পথচলার ২৫ বছর পূর্ণ করেছে। তাই বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন দলের প্রধান ও জনপ্রিয় নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। গত মাসের ১৮ তারিখ সিলেটের নাচের প্রতিষ্ঠান ‘নৃত্যশৈলী’র আমন্ত্রণে তারা সেখানে নাচের অনুষ্ঠান করেছেন। আর চট্টগ্রামের ‘ফুলকি’র আমন্ত্রণে এক ঘণ্টার নাচের পরিবেশনা করেছেন গত ১ নভেম্বর। সামনে বগুড়ার ‘আমরা কজন’ নৃত্যগোষ্ঠীর আমন্ত্রণে সেখানেও নাচবে দলটি। এ প্রসঙ্গে হিরু বলেন, ‘আমরা সারা দেশে পথচলার ২৫ বছরের আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দিতে চাই। তাই বড় বড় জেলা শহরগুলোতে যাচ্ছি। খুলনা থেকেও আমন্ত্রণ পেয়েছি। শেষ করব আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় নৃত্যানুষ্ঠানের মাধ্যমে। আমরা ভরতনাট্যমসহ দেশীয় ফোঁক নাচ করছি। প্রতিটি অনুষ্ঠান দর্শকের দারুণ ভালো লেগেছে।’ এর বাইরে হিরু ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স-এর বাংলাদেশ চ্যাপ্টার (নৃত্যযোগ)-এর প্রেসিডেন্ট পদে দায়িত্বরত। এই প্রতিষ্ঠানটি এবারই প্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে ওশান ড্যান্স ফেস্টিভ্যালের আয়োজন করছে। তা নিয়েও রয়েছে হিরুর ব্যস্ততা।
অস্কারে এবার ভোটাভুটি!
সিনেমাপ্রেমীদের চোখ থাকে অস্কারের ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে। এই বিভাগের নাম এ বছর ‘বেস্ট ফরেন ল্যাংগুয়েজ ফিল্ম’ থেকে পরিবর্তন করে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ করা হয়েছে। শুধু তাই নয়, এই বিভাগে এবার হবে ভোটাভুটি। জানা গেছে অ্যাকাডেমির সব সদস্যই এবার বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ভোট দিতে পারবেন। এ বছর এই পুরস্কারের জন্য লড়বে বাংলাদেশসহ ৯৩টি দেশ। ভোটগ্রহণের মাধ্যমে এই ক্যাটাগরির চূড়ান্ত মনোনয়ন ঠিক করা হবে। ৯৩টি ছবির তালিকা থেকে ১০টি ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর। আর এই বিভাগের মনোনয়ন ঘোষণা করা হবে ২০২০ সালের ১৩ জানুয়ারি। এছাড়াও সংক্ষিপ্ত তালিকার ছবিগুলো লস এঞ্জেলেস, লন্ডন এবং নিউ ইয়র্কের কিছু থিয়েটারে দেখানো হবে। সেনেগালের ‘অ্যাটলান্টিকস’, ফ্রান্সের ‘লা মিসারেবলস’, স্পেনের ‘পেইন অ্যান্ড গ্লোরি’ এবং দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’ এর মতো প্রশংসিত সিনেমা আছে এবারের তালিকায়। তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশ থেকেই নির্বাচিত হয়েছে সিনেমা। এই প্রথম ঘানা, নাইজেরিয়া এবং উজবেকিস্তানের সিনেমা এই বিভাগে নির্বাচিত হয়েছে। তালিকার সবচাইতে ‘হাই প্রোফাইল’ ছবি মনে করা হচ্ছে বং জুন হো পরিচালিত দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’কে। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতে নিয়েছে। এবারের আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আলফা’। ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্পকে এই ছবির উপজীব্য করা হয়েছে। ভারত থেকে ‘গল্লি বয়’ লড়বে এই প্রতিযোগিতায়। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।
একমঞ্চে কুমার শানু-আঁখি আলমগীর
জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্য গত ১ নভেম্বরের রাতটি ছিল খুবই স্পেশাল। এদিন তিনি কলকাতার ‘কমলগাজী নেতাজি স্পোর্টস কমপ্লেক্স’-এ অনুষ্ঠিত ‘বিজয়া সম্মিলনী ২০১৯’ অনুষ্ঠানে ৩০ হাজার দর্শকের সামনে গান গেয়েছেন। শুধু তাই নয়, একই মঞ্চে গেয়েছেন বলিউডের কিংবদন্তিতুল্য গায়ক কুমার শানু। আঁখি নিজের উচ্ছ্বাসের প্রকাশ ঘটিয়েছেন নিজের ফেইসবুক পেজে। তিনি এক স্ট্যাটাসে লেখেন, ‘সত্যিই রাতটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় গায়ক কুমার শানুর সঙ্গে একই মঞ্চে গেয়েছি। সেখানে উপস্থিত শুভাশীষ চক্রবর্তী (এমপি), ফেরদৌসী বেগম (এমএলএ), কৃষ্ণ কুমার দাস (সিনিয়র সাংবাদিক) আমার গায়কীর অনেক প্রশংসা করেছেন। এছাড়া ফুল, ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মান জানিয়েছে। ৩০ হাজার দর্শক যেভাবে আমার সঙ্গে গলা মিলিয়ে, নেচে আমাকে সাপোর্ট করেছে তা অনেক দিন মনে থাকবে। এমন একটি শোর স্বপ্নই দেখি আমরা শিল্পীরা। সবদিক থেকে একটি সফল অনুষ্ঠান ছিল এটি।’
শুভেচ্ছাদূত হলেন অবণী
ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের শুভেচ্ছাদূত হলেন প্রথম মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ মুনজারিন মাহবুব অবণী। আগামী ১ বছর বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন তিনি। এ উপলক্ষে সম্প্রতি ওয়ালটন করপোরেট অফিসে উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল, নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা নিলু, নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, উদয় হাকিম, মো. রায়হান ও চিত্রনায়ক আমিন খান। অবণী বলেন, ‘ওয়ালটনের মতো একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলো সবার কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে পারব বলে বিশ্বাস করি।’ উল্লেখ্য, অবণী বাংলাদেশে প্রথমবারের মতো বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস বাংলাদেশ-২০১৯’ বিজয়ী। বাংলাদেশের হয়ে তিনি মিসেস ওয়ার্ল্ড-২০১৯ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। পাশাপাশি তিনি মডেল এবং তরুণ সমাজকর্মী হিসেবে কাজ করছেন।