বিনম্র শ্রদ্ধায় ৪ নেতাকে স্মরণ

জেলহত্যা দিবসে গতকাল রবিবার জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। মহানগর, জেলা-উপজেলা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে নেওয়া হয় নানা কর্মসূচি। এগুলোর মধ্যে ছিল শোক শোভাযাত্রা, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, দোয়া মাহফিল, রক্তদান, আলোচনা সভা, মানববন্ধন, জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ইত্যাদি। প্রায় সব অনুষ্ঠানেই শহীদ জাতীয় চার নেতার আদর্শে দেশ গড়া এবং তাদের খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

রাজশাহী : মহানগর ও জেলা আওয়ামী লীগ বিশাল শোক র‌্যালি, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় চার নেতার স্মরণে দোয়া মাহফিল করেছে। কর্মসূচিতে আরও ছিল খাবার বিতরণ, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ইত্যাদি। মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান রাজশাহী সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রুজ্জামান লিটন কর্মসূচিগুলোতে নেতৃত্ব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ কামারুজ্জামান পরিবারের সদস্য মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রেনী প্রমুখ।

বরিশাল : সকাল ৯টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ কার্যালয় চত্বরে রক্ষিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ মহানগর ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

গাজীপুর : মহানগর আওয়ামী লীগ কার্যালয় ও সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শহরের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল : সকালে শহর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতাসহ সব শহীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এ সময় টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদপুর : সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে।

ঝিনাইদহ : সকালে শহরের এইচএসএস সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলহত্যা দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাগেরহাট : শহরের রেলরোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া ও মোনাজাত হয়।

মানিকগঞ্জ : আলোচনা সভা ও র‌্যালির মাধ্যমে মানিকগঞ্জে পালিত হয়েছে জেলহত্যা দিবস। দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আবদুল মজিদ ফটো প্রমুখ।

নীলফামারী : শহরের বঙ্গবন্ধুর চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।

কুমিল্লা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কুমিল্লা টাউন হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শহরে শোক র‌্যালি বের করা হয়। বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রমুখ।

ঝালকাঠি : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা। এছাড়া দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা হয়।

দিনাজপুর : জাতীয় চার নেতা হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দিনাজপুর শাখা। দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন হয়।

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও মোনাজাত করেন।

কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগ সকালে শোক শোভাযাত্রা বের করে। শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।