আ.লীগ নেতা বকুল হত্যা

প্রতিবাদে সিরাজগঞ্জে সড়ক অবরোধ মিছিল

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগবাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য বকুল হায়দার বকুলকে (৫২) হত্যার প্রতিবাদে গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হরিনাপিপুলবাড়িয়া বাজারের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও এলাকাবাসী অর্ধদিবস হরতাল পালন করেছে। তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

মিছিলটি হরিনাপিপুলবাড়িয়া বাজারে গিয়ে শেষ হয়। সেখানে বাগবাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ময়নুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন বাগবাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইজ্জল হোসেন, বাগবাটি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আবদুস সাত্তার তালুকদার প্রমুখ।

এ হত্যাকা-ের ঘটনায় পুলিশ শনিবার রাতেই নিহত বকুলের একান্ত সহযোগী রফিকুল ইসলামসহ (৫৫) দুজনকে আটক করেছে। আটক অন্য ব্যক্তির নাম ইউসুফ আলী (৪০)। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. ওয়াহেদুজ্জামান জানান, নিহত বকুলের সহযোগী রফিকুল ইসলাম ধরা পড়ায় খুনের কারণ জানা সহজ হতে পারে।

বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ইউপি সদস্য বকুল শনিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। দত্তবাড়ি বাজার এলাকায় বাড়ির সামনে পৌঁছলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি ছুড়ে হত্যা করে পালিয়ে যায়। গতকাল বাদ জোহর দত্তবাড়ি মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।