বরিশালের গৌরনদী ও হিজলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন (২৫) এবং সিদ্দিকুর রহমান খান (৩২) নামে দুই যুবক মারা গেছেন।
গত শনিবার রাতে গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় এবং গতকাল রবিবার সকালে হিজলা উপজেলার মেমানিয়া এলাকায় ওই দুটি দুর্ঘটনা ঘটে।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, কাসেমাবাদ এলাকায় ধানক্ষেতে ইঁদুর তাড়ানোর জন্য দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে নাজমুল গুরুতর আহত হন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে গতকাল সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিকুরের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ইউএনও আমীনুল ইসলাম জানান, সিদ্দিকুর গাছ কেনা-বেচা করে জীবিকা নির্বাহ করতেন।