‘সবাই পারফর্ম করায় অধিনায়কত্ব সহজ হয়ে গিয়েছিল’

মধুর জয়ে ভারত সফর শুরু করল বাংলাদেশ। রবিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা।

দুর্দান্ত বোলিং করেছেন বোলাররা। মুশফিকুর রহিম ও সৌম্য সরকার ব্যাটিংয়ে ছিলেন অনবদ্য। নিষিদ্ধ সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া মাহমুদউল্লাহর অধিনায়কত্বকে কৃতিত্ব দিচ্ছেন অনেকে।

তবে মাহমুদউল্লাহ ম্যাচ শেষে কৃতিত্বটা দিলেন সতীর্থদের। বললেন, ‘সবাই পারফর্ম করলে অধিনায়কের কাজটা সহজ হয়ে যায়।’

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ এই জয়ে বোলারদের কৃতিত্বটা বেশি দিলেন, ‘আমি মনে করি আমরা যেভাবে শুরু করেছিলাম, জয়ের ভিত তৈরি হয়েছিল সেখানেই। বোলাররা দুর্দান্ত দায়িত্ব পালন করেছে। সবাইকে কৃতিত্ব দিতে হবে।’

অধিনায়কত্বের প্রসঙ্গ টেনে বললেন, ‘ছেলেরা ভালো পারফরম্যান্স করেছে। ফলে অধিনায়কত্ব সহজ হয়ে গিয়েছিল।’

এদিন ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুশফিক। সেই প্রসঙ্গ টেনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুশফিক অবশ্যই কৃতিত্বের দাবি রাখে। বিশেষ করে সে (মুশফিক) এবং সৌম্য। অভিষেকে নাঈম দারুণ ব্যাট করেছে। আমাদের যেমন শুরু দরকার ছিল, তেমন শুরু এনে দিয়েছে।’

তিন ম্যাচের সিরিজে টাইগাররা এখন এগিয়ে ১-০ তে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃহস্পতিবার। রাজকোটে অনুষ্ঠিত হবে খেলাটি।