লেভান্তের কাছে বার্সেলোনা হেরে যাওয়ায়, বেতিসকে হারালেই লা লিগার শীর্ষে উঠতে পারত রিয়াল মাদ্রিদ। কিন্তু জয় তো দূরে থাক, শনিবারের ম্যাচে গোলই করতে পারেনি জিনেদিন জিদানের দল। গোলশূন্য ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে বার্সেলোনার সমান ২২ পয়েন্টি রিয়ালের। তবে হেরেও গোল গড়ে শীর্ষে আছে কাতালানরা।
শনিবার রাতটি ছিল ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে কয়েকটি বড় দলের জন্য হতাশার রাত। লেভান্তে ৩-১ গোলে হারায় বার্সেলোনাকে। আতলেতিকো মাদ্রিদও ১-১ গোলে ড্র করে সেভিয়ার সঙ্গে। জার্মান লিগে তো বড় হোঁচট খায় বায়ার্ন মিউনিখ। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ৫-১ গোলে হারিয়েছে তাদের। আর যারা জিতেছে তাদের জয়ও ছিল কষ্টার্জিত। দলগুলো জয় পেয়েছে তার বেশির ভাগই ছিল কষ্টার্জিত জয়। ইতালিয়ান লিগে জুভেন্তাস ১-০ গোলে হারায় তোরিনোকে। ইংলিশ লিগে চেলসির জয় ২-১ গোলে ওয়াটফোর্ডের সঙ্গে। ম্যানসিটির জয়ও ছিল ২-১ গোলে সাউদাম্পটনের বিপক্ষে। শীর্ষে থাকা লিভারপুল তো হারতে হারতে ম্যাচের শেষ মুহূর্তে রক্ষা পায় সাদিও মানের গোলে। অ্যাস্টন ভিলার মাঠে তাদের ফলাফল ২-১।
আগের ম্যাচেই লেগানেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল। শনিবার রাতে (বাংলাদেশ সময় ২টা) মাঠে নামার আগেই তাদের জানা হয়ে যায় বার্সা হেরে গেছে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। যে বেতিসের সঙ্গে ড্র করল রিয়াল, চলতি লিগে সে দলটি ১১ ম্যাচে হজম করে ২১ গোল। এমন দলের সঙ্গে গোলবারে ২২টি শট করলেও অন টার্গেট ছিল মাত্র ৭টি। ম্যাচ শেষে সার্জিও রামোস বলেন, আজ আমাদের ভালো সুযোগ ছিল (শীর্ষে) ওঠার, অন্য ম্যাচের (বার্সা) ফলাফলের পর। কিন্তু করতে পারিনি। চেষ্টা করেছি ম্যাচটি জেতার। (প্রতিপক্ষের) গোলমুখে ভালো করিনি যার মূল্য দিতে হয়েছে। তবে আমাদের ডিফেন্স ভালো ছিল।’ রিয়াল কোচ হিসেবে জিদানের দুই মেয়াদ মিলিয়ে এই প্রথমবারের মতো ঘরের মাঠে গোলশূন্য ড্র করল স্বাগতিকরা।
সিরি আ’তে জুভেন্তাস ম্যাতিস ডি লিখটের গোলে জয় পায়। ম্যাচের ৭০ মিনিটে আসে গোলটি। ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল জুভেন্তাস। ইন্তার মিলান ২-১ গোলে হারিয়েছে বোলোগনাকে। সমান ম্যাচে ইন্তারের পয়েন্ট ২৮। অপরদিকে ইংলিশ লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। ম্যাচের ৫ মিনিটে টামি আব্রাহাম এবং ৫৫ ক্রিশ্চিয়ান পুলিসিক এগিয়ে দেন চেলসিকে। ৮০ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ দেয় ওয়াটফোর্ড। চলতি লিগে টানা ৫ ম্যাচ জয়ে ২৩ পয়েন্টে তৃতীয় স্থানে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।