জাতীয় পার্টি (জাপা) রাজনীতিতে অবক্ষয় দূর করে গুণগত পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, ‘গণমানুষের আস্থা অর্জন করেই আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করব। প্রমাণ হবে জাতীয় পার্টিই গণমানুষের স্বার্থ সংরক্ষণে রাজনীতি করছে।’
গতকাল রবিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক রিপোর্ট প্রদান উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জি এম কাদের। সভায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াসহ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতারা উপস্থিত ছিলেন।