শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের (২০১৫-১৬) শিক্ষার্থী ছাত্রলীগ নেতা রাজীব সরকারের ওপর হামলার ঘটনায় সংগঠনটির সাত নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের ওপর হামলার ঘটনায় আরেক ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের সভাপতিত্বে গত শনিবার সিন্ডিকেটের ২১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলা বোর্ডের সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান।
সিন্ডিকেটের একাধিক সদস্য সূত্রে জানা গেছে, বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজীব সরকারের ওপর হামলার ঘটনায় সাত শিক্ষার্থীকে এক সেমিস্টার বহিষ্কার ও বিভিন্ন পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। এক সেমিস্টার বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেনÑ লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ সদস্য এমএ আরিফ (১০ হাজার টাকা জরিমানা), একই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সম্পাদক আবদুল বারী সজিব (৮ হাজার টাকা জরিমানা), ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সম্পাদক সুমন মিয়া (৩ হাজার টাকা জরিমানা), ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মো. রিশাদ ঠাকুর (৮ হাজার টাকা জরিমানা), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সহসভাপতি মাহবুব আল আমিন শোভন (৭ হাজার টাকা জরিমানা), বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাওসার আহমেদ সোহাগ (৫ হাজার টাকা জরিমানা), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ও বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ রানা (৬ হাজার টাকা জরিমানা)। এ ঘটনায় গ্রেপ্তার শাখা ছাত্রলীগের সহসভাপতি মুস্তাকিম আহমেদ মুস্তাকের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনুমতি ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০১৮ সালের ২৫ মার্চ শাবিপ্রবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান নাঈমকে ছুরিকাঘাত করার ঘটনায় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও শাবিপ্রবি ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবদুর রশিদ রাসেলকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেটে।
গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের বাংলা বিভাগ কমিটির যুগ্ম সম্পাদক রাজীব সরকারের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার পর গত ২৫ মার্চ জালালাবাদ থানায় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে বহিষ্কৃতদের আসামি করে একটি মামলা করেন।