বিএসআরএফ সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী

পাপনকে ধরলে কয়েক লাখ লোক ধরতে হবে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস, কারাগার এবং অন্য সংস্থাগুলোতে চিকিৎসা সেবা দিতে একটি আলাদা মেডিকেল ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের ‘ক্যাসিনোতে খেলার’ ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে নয়, দেশের বাইরে কোনো জায়গার ক্যাসিনোতে গিয়েছিলেন তিনি। এ রকম যদি সবাইকে ধরতে যাই, কয়েক লাখ লোক হবে। গতকাল রবিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। ফোরাম সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীম আহমেদ। এ সময় বিএসআরএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ‘ক্যাসিনোতে খেলার’ ভিডিও ভাইরাল হয়েছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্যাসিনোর ইফেক্টটা কী একটা অবৈধ ব্যবসা। বাংলাদেশের সংবিধানে জুয়া খেলার স্বীকৃতি নেই। জুয়া যেহেতু সংবিধানে নিষিদ্ধ, এজন্য আমরা এর বিরুদ্ধে কাজ করছি। যার কথা বললেন, তিনি (পাপন) কিন্তু বাংলাদেশে নয়, বাইরের কোনো জায়গায় খেলেছেন, ভিডিওটি আমরা দেখেছি । কে খেলল, কে কী করল এ রকম করলে তো আমাদের লাখ লাখ লোকের পেছনে দৌড়াতে হবে। এক-দুজন তো খেলে না, এই রকম যদি সবাইকে ধরতে যাই, কয়েক লাখ লোক হবে।’

মেডিকেল ইউনিট প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, ‘কারাগারে হাসপাতাল আছে, কিন্তু চিকিৎসক নেই। চিকিৎসকের সংকট যাতে না হয় সেজন্য একটি মেডিকেল ইউনিট গঠন করা হচ্ছে, তা পুলিশের নিয়ন্ত্রণেই থাকবে। তাদের জন্য একটা নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চিকিৎসকরা যে ধরনের সুযোগ-সুবিধা, পদোন্নতিসহ অন্য সুবিধা পায় সেভাবে তারাও পাবেন।’

জঙ্গি মতাদর্শ প্রচারে নামার তথ্য পাওয়ায় কালো তালিকাভুক্ত সংগঠন ‘আল্লাহর দলকে’ শিগগির নিষিদ্ধ করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি সংগঠন সবসময় আমরা নিষিদ্ধ করে আসছি। এখন অতি সম্প্রতি যেটা নিষিদ্ধ হতে যাচ্ছে তার নাম ‘আল্লাহর দল’।’

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘একটা নির্ভুল অভিযোগপত্র (চার্জশিট) না দিলে বিচারটাও নির্ভুল হয় না। নির্ভুল চার্জশিট দেওয়ার জন্য সব তথ্য পুলিশের কাছে এসে গেছে। আমরা খুব শিগগিরই দিয়ে দেব। আমি প্রায়ই যোগাযোগ করি কোনো পর্যন্ত এগিয়েছে।’

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনার ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় এই পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

গুজব রটনাকারীদের শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ফেইসবুকে যেভাবে গুজব রটানো হয় সেটি আমাদের কাম্য নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা গুজব রটাচ্ছেন তাদেরকে আইডেনটিফাই করছি। পদ্মা সেতুতে মাথা লাগবে, যদি বাংলাদেশের মানুষ এই ধরনের গুজবে সাড়া দেয় তাহলে কিছু বলার নেই। গুজবে বিশ্বাস না করে আগে তথ্য যাচাই করুন, সমাজে প্যানিক সৃষ্টি করবেন না।’

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক ঘটনা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে। আবার এখনও পর্যন্ত রহস্য উদঘাটন হয়নি এমন অনেক ঘটনা আছে কিন্তু। সাগর-রুনির ঘটনা আজ থেকে প্রায় আট বছর আগের। এটা উচ্চ আদালতে নির্দেশনায় র‌্যাব তদন্ত করছে।’ র‌্যাবের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে জানিয়ে তিনি আর বলেন, ‘আমরা মনে করি তারা (র‌্যাব) একটা ফাইনাল স্টেজের দিকে যাচ্ছে।’

ই-পাসপোর্ট কবে নাগাদ চালু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ই-পাসপোর্ট তৈরি করছে। আমি সুনির্দিষ্টভাবে বলতে পারব না কবে নাগাদ চালু হবে। আড়াই কোটি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যু করা হয়েছে। শিগগিরই বাংলাদেশ ই-পাসপোর্ট প্রথা চালু করবে। সেই লক্ষ্যে কাজ চলছে।’

মাদকের বিষয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমাদের যুবক এবং ছাত্ররাসহ অনেকেই মাদকাসক্ত হচ্ছে। হেরোইনের পর ইয়াবা, এটা এতোই ভয়ঙ্কর যারা সেবন করছে তারা নিজেকে নিজেই শেষ করছে। জাতি সম্পদ হারাচ্ছে। সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি মাদক নিয়ন্ত্রণের জন্য। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ডোপ টেস্টের মাধ্যমেই সরকারি চাকরিতে প্রবেশ করতে হবে।’ ডোপ টেস্টে কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলো বিভাগ আছে সবগুলো চালু হয়েছে। প্রধানমন্ত্রীর যে অভিপ্রায় সেটা আমরা সিভিল সার্জনকে জানিয়ে দিয়েছি। এটা আরও যাতে সবখানে হয় আমরা সেটা দেখব।’

আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত মেয়াদে পুলিশের ৮০ হাজার জনবল বেড়েছে। জরাজীর্ণ থানাগুলোতে নতুন ভবন করেছি। পুলিশের নতুন ১৫টি ইউনিট গঠিত হয়েছে। এয়ার উইং করতে যাচ্ছি, হেলিকপ্টার সংযোজন করতে যাচ্ছি। তার জন্য প্রক্রিয়া শুরু করছি। বর্ডার গার্ডের সক্ষমতা বাড়াতে পাঁচটি অঞ্চল গঠন করা হয়েছে। বর্ডারে রোড করার পরিকল্পনা নিয়েছি, বর্ডার এলাকাগুলো থেকে দুর্গম এলাকায় যেতে একদিন লেগে যায় সেই জায়গায় যেতে হেলিকপ্টার বিজিবির বহরে যোগ দেবে খুব শিগগির।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসকে যুগোপযোগী করছি। আগে ৯ তলার ওপরে আগুন লাগলে সে ধ্বংসকাণ্ড তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া উপায় ছিল না। এখন ২৩ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণের যন্ত্র বাংলাদেশে আছে। আগে কারাগারে ২৮ হাজার কারাবন্দি রাখা যেত। এখন ৩৬ হাজারের বেশি ধারণ ক্ষমতার সক্ষমতা রয়েছে। কারাবন্দিদের খাবারসহ নানা সুযোগ-সুবিধা বাড়িয়েছি। ফোনে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছি।