রাজপুত্রের টমেটোপ্রেম

পর্যটক কলম্বাসের হাত ধরে দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে যায় টমেটো। আজ গোটা ইউরোপের সবচেয়ে জনপ্রিয় খাবারের একটি হলো এই টমেটো। ফ্রান্সের এক বনেদি বাসিন্দা এই ফলকে নিয়ে রীতিমতো উৎসবের আয়োজন করছেন প্রতিবছর। নাম তার লুই আলবার্ত দু বয়ে। এ পর্যন্ত ২১ বার এমন উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবটির নাম দেওয়া হয়েছে শ্যাতো দ্য লা বোদেজেয়ার। বিরাট এক দুর্গের মালিক লুই। তিনি বলেন, ‘আমাদের এই এস্টেটে সাতশ’ রকমের টমেটোর চাষ হয়। এই উৎসবটি এখানে হয় কারণ বৈচিত্র্যের দেখা এখানেই পাওয়া যায়। এটা ‘গার্ডেন অব ফ্রান্সের’ ঠিক মাঝখানে লুয়া নদীর তীরে। এখানে সহজেই মানুষ আসতে পারে।’

পার্কসহ দুর্গটি নব্য রেনেসাঁ নির্মাণশৈলীর। ১৯৯১ সালে সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকার প্রিন্স লুই আলবার্ত দু বয়ে এটি কেনেন। টমেটো সম্পর্কে তার এখন অগাধ জ্ঞান। এ ব্যাপারে তিনি বলেন, ‘যদিও আমরা প্রতিদিনই এটি খাই, কল্পনা করতে পারবেন না কত রকমের এটি হতে পারে। সারা পৃথিবীতে ৩৬ হাজার রকমের টমেটো আছে।’

উৎসবে রাঁধুনি সেদরিক খাবু পর্যটকদের দেখান কেমন করে নানান রকমের টমেটো রান্না করতে হয়। এখানে টমেটোর বিয়ারও পাওয়া যাচ্ছে। ব্রিইস লমব্লঁ নামের একজন বানিয়েছেন ওই বিয়ার। স্থানীয় এই বিয়ার প্রস্তুতকারী কয়েক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন।

লমব্লঁ বলেন, ‘বিয়ারের স্বাদ আনতে প্রথমে আমি টমেটো রান্না করেছি। এরপর একে ঘন করেছি। মনে রাখতে হবে টমেটো খুবই ভঙ্গুর ও সূক্ষ্ম ফল। এর স্বাদ বের করে আনা খুবই কঠিন কাজ।’

নানান ধরন, সৃজনশীল ধারণা ও ফ্রান্সের পশ্চিমের একটি পুরনো দুর্গ সব মিলিয়ে টমেটোর প্রতি যথেষ্ট সম্মানই দেখানো হচ্ছে এখানে।