সাকিব আল হাসান ও তামিম ইকবালের অভাবটা মনেই করতে দিলেন না সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। খর্ব শক্তির দল নিয়েই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয়ের আনন্দে মেতেছে বাংলাদেশ।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোববার স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারায় টাইগাররা। তিন বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা।
চোখ জুড়ানো পারফরম্যান্স দেখিয়েছেন চার নম্বরে নামা মুশফিকুর রহিম। ৪৩ বলে আট চার ও এক ছক্কায় অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। ৩৫ বলে ৩৯ রান করেন সৌম্য সরকার। সাত বলে এক চার ও এক ছক্কায় ১৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
এর আগে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৮ রান করে ভারত। শিখর ধাওয়ান (৪১) ছাড়া অন্যদের বড় ইনিংস খেলতে দেননি বাংলাদেশের বোলারররা।
চার ওভার বোলিং করে ৩৬ রানে ২ উইকেট নেন শফিউল ইসলাম। দুই উইকেট নেন লেগ স্পিনার আমিনুল ইসলাম।
দেখে নিন ভারতকে বাংলাদেশের হারানো ম্যাচের হাইলাইটস-