সমর্থকদের বর্ণবাদী আচরণে মেজাজ হারালেন বালোতেল্লি

ইউরোপিয়ান ফুটবলে বর্ণবাদী আচরণ যেন চরমে ঠেকেছে। হেলাস ভেরোনা ও ব্রেসিয়া মধ্যকার রোববারের ম্যাচটি সর্বশেষ প্রমাণ। গ্যালারিতে প্রতিপক্ষের বর্ণবাদী আচরণে কেবল মেজাজই হারাননি ব্রেসিয়ার স্ট্রাইকার মারিও বালোতেল্লি, মাঠ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন তিনি!

গ্যালারি থেকে বর্ণবাদী স্লোগান শোনার পর সমর্থকদের উদ্দেশে জোরালো শটে বল উড়ে মারেন বালোতেল্লি। এক পর্যায়ে মাঠ ছেড়ে যেতে চান তিনি। সতীর্থ ও ম্যাচ অফিসিয়ালরা বুঝিয়ে বালোতেল্লিকে শেষ পর্যন্ত মাঠে রাখতে সমর্থ হয়।

খেলা শেষে ইনস্টাগ্রামে ইতালির এই ফুটবলার লিখেছেন, “গ্যালারির ওই স্ট্যান্ডের মানুষজন বানর বলে স্লোগান দিচ্ছিল। (আমি বলব) তোমাদের লজ্জা হওয়া উচিত।”

ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার একটা ভিডিও পোস্ট করেছেন বালোতেল্লি। লিখেছেন- “আপনাদের সন্তান, স্ত্রী, আত্মীয়স্বজন, বাবা-মা, বন্ধু ও পরিচিতজনদের সামনে...আপনাদের ধিক্‌।”

শুভাকাঙ্ক্ষিদের উদ্দেশে বালোতেল্লি লিখেছেন, “মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের কাছ থেকে এ ব্যাপারে যে সমর্থন পেয়েছি এর জন্য তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ সমর্থকদেরও।

“আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সত্যিকারের মানুষ। আপনারা যারা বর্ণবাদ প্রত্যাখান করে না তাদের মতো নন।”

বালোতেল্লি বুঝিয়ে মাঠে রাখার পর রেফারি মওরিসিও মারিয়ানি এক ঘোষণায় সমর্থকদের সতর্ক করে জানিয়ে দেন, ফের এরকম ঘটনা ঘটলে ম্যাচটি বাতিল করে দেওয়া হবে।

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দুইবার সেরি আর কোনো ম্যাচে বর্ণবাদ দিয়ে এরকম ঘোষণা আসলো। এর আগে রোমা ও নাপোলির ম্যাচে এ রকম ঘটনা ঘটে।

ম্যাচটিতে স্বাগতিক ভেরোনার কাছে ২-১ গোলে হারে ব্রেসিয়া। তিনটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৮৫তম মিনিটে ব্রেসিয়ার হয়ে একটি গোল শোধ করেন বালোতেল্লি।