হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৩জন জেল হাজতে

জয়পুরহাটে বালু ব্যবসায়ী রেজোয়ান হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতসহ ৩জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খ অঞ্চল আমলি আদালতের বিচারক তৌফিকুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে পাঁচবিবি রোডের জিয়ার মোড় এলাকায় রেজোয়ানকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে একদল দুর্বৃত্ত। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর রেজোয়ানের মা রোজিনা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই হত্যা মামলায় খোরশেদ আলম সৈকত ১ নম্বর আসামি ছিলেন। পরে মহামান্য হাইকোর্টে মামলাটি আনয়ন করলে ২১ অক্টোবর আসামিদের দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলে ৩ আসামি আদালতে আত্মসমর্পণ করেন।

জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতসহ তাদের ৩ জনকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।