দিল্লিতে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টির আগে বায়ু দূষণ নিয়ে আলোচনা হয়েছে অনেক। খেলা পণ্ড হওয়ার শঙ্কাও ছিল। শেষ পর্যন্ত অবশ্য দূষণকে জয় করেই রবিবার খেলা অনুষ্ঠিত হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা মাঠ)। বাংলাদেশও জিতে নিয়েছে ম্যাচ।
বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি রাজকোটে। এই ম্যাচেও প্রকৃতির চোখ রাঙানি। প্রচণ্ড বেগে ধেয়ে আসছে সাইক্লোন ‘মহা’।
ফলে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের হতে যাওয়া ম্যাচটি পণ্ড হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অন্তত তাই বলছে। আবহাওয়া অফিস বলছে, সাইক্লোনের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটে।
আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জয়ন্ত সরকার সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ১২০ কিলোমিটার বেগে আঁচড়ে পড়তে পারে সাইক্লোন। এই মুহূর্তে সাইক্লোন মহা দিউ থেকে ৫৮০ কিলোমিটার ও ভারাভালের উত্তর পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার কেন্দ্রে অবস্থান করছে।’
আবহাওয়ার এই পূর্বাভাস সত্যি হলে বৃষ্টির কারণে পণ্ড হতে পারে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি। জয়ন্ত সরকার জানান, ‘ঝড়ের প্রভাবে ৬ থেকে ৭ নভেম্বর সৌরাষ্ট্র ও গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এটি ওমানের দিকে অগ্রসর হচ্ছে তবে সোমবার গুজরাটের দিকে ঘুরে যাবে।’
রবিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। একই সঙ্গে ভারতের মাটিতেও টাইগারদের প্রথম জয় এটি।