মা ডাক শোনার অপেক্ষায় আছি

অভিনেত্রী তানিয়া হোসাইন। মঞ্চ ও টেলিভিশন পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী গত বছরের মাঝামাঝি সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে ঘর বেঁধেছেন। আগামী ডিসেম্বর মাস নাগাদ তাদের ঘরে আসবে নতুন অতিথি। দেশ রূপান্তরের মুখোমুখি হয়ে তানিয়া জানালেন মাতৃত্বকালীন সময়ের কথা। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান

নতুন অতিথি আসছে...

আমাদের পুরো পরিবার এখন অপেক্ষায় আছি নতুন অতিথির জন্য। আশা করছি, ডিসেম্বর মাস নাগাদ আমাদের সন্তান পৃথিবীতে আসবে। চিকিৎসকরা ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, আমাদের ঘরে কন্যাসন্তান আসবে। এ নিয়ে আমরা ভীষণ খুশি। আমাদের ঘরজুড়ে এখন আনন্দ-বন্যা বইছে। বেশ কিছু নাম নিয়ে আলোচনা চলছে। তবে এখনো ঠিক করতে পারিনি আমাদের মেয়ের নাম কী হবে। নাম না ঠিক হলেও মেয়ের মুখে মা ডাক শুনতে ভীষণ রকম অপেক্ষায় আছি।

বাপ্পা মজুমদারও ভীষণ এক্সাইটেড...

এই সময়টাতে বাপ্পাকে স্বামী হিসেবে ভীষণ রকম পাশে পাচ্ছি। সার্বক্ষণিক সে আমার এবং আমাদের সন্তানের যতœ নিচ্ছে। অফিস এবং বাসা কাছাকাছি হওয়ায় সব সময়ই বাপ্পা আমার কাছাকাছিই থাকছে। সন্তানের অপেক্ষায় বাপ্পা তো ভীষণ এক্সাইটেড। আমাদের পুরো পরিবারে এখন আনন্দের আবহ বিরাজ করছে। পারিবারিকভাবে সাধ/বেবি শাওয়ার অনুষ্ঠান করেছি। সেখানে আমাদের আত্মীয় এবং বন্ধুরা এসে শুভকামনা জানিয়ে গেছেন।

মাতৃত্বকালীন ছুটি চলছে...

সবশেষ গত মে মাসে আরটিভির একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছি। এরপর কোনো অনুষ্ঠানে কাজ করিনি। অভিনয় থেকে কিছু দিন ধরেই দূরে আছি। মঞ্চে শেষ অভিনয় করেছি ‘নারীগণ’ এবং ‘প্রথম পার্থ’ নাটকে। টেলিভিশনেও বেশ কিছু দিন কাজ করিনি। বলা চলে, আমার এখন মাতৃত্বকালীন ছুটি চলছে। এই সময়টাতে শুধু সন্তানকে নিয়েই আছি। পেশাগত সব কাজ থেকে এখন আমি ছুটিতে আছি।

ছুটি শেষ কবে জানা নেই...

সন্তান পৃথিবীতে আসার পর তো মায়ের ব্যস্ততা আরও বেড়ে যায়। আপাতত সন্তানকেই সময় দেব। তারপর ঠিক করব কবে কাজে ফেরা যায়। বলা যায়, আমার মাতৃত্বকালীন ছুটি অনির্দিষ্টকালের জন্য। কবে কাজ শুরু করব, সেটা ঠিক করে বলা মুশকিল। আপাতত সন্তানের অপেক্ষায় মধুর সময় কাটছে আমার। এই মুহূর্তটা জীবনের বিশেষ মুহূর্ত।