আইসিসিআর অ্যাওয়ার্ড পাচ্ছেন বন্যা
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর) অ্যালামনাই অ্যাওয়ার্ড পাচ্ছেন দেশের বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। জানা যায়, ১৫ নভেম্বর তার হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।
এদিন রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে পদক প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং তার প্রতিষ্ঠান সুরের ধারার ছাত্রছাত্রীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীতের পরিবেশনাও থাকবে।
রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার পাওয়া সংগীতশিল্পী। এছাড়া অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ পদক। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি মন্ত্রালয়ের ‘সংগীত সম্মান পুরস্কার’, শ্রেষ্ঠ নারী রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে পরপর দুবার পেয়েছেন আনন্দ সংগীত পুরস্কার।
প্রথমবার বড় পর্দায় শ্যামল মাওলা
প্রথমবারের মতো বড় পর্দায় মূল চরিত্রে আবির্ভূত হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্যামল মাওলা। তার জুটি হচ্ছেন শিবা আলী খান। চলচ্চিত্রে তারা জুটি গড়ছেন ‘এনকাউন্টার’ নামের সিনেমায়। এর গল্প গড়ে উঠেছে মাদকের নেতিবাচক দিক নিয়ে। পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল।
সিনেমার শ্যুটিং এরই মধ্যে ৮০ শতাংশ শেষ হয়েছে। ভারটেক্স প্রোডাকশন হাউজের প্রযোজনায় সিনেমার কাহিনী লিখেছেন পরিচালক অনিরুদ্ধ রাসেল নিজেই। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল ও রূপান্তর।
উল্লেখ্য, শ্যামল মাওলাকে এর আগে ‘গেরিলা’ সিনেমায় দেখা গেলেও এবারই প্রথম মূল চরিত্রে অভিনয় করছেন তিনি। অপরদিকে ‘স্টোরি অব সামারা’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন শিবা। সর্বশেষ শাকিব খানের বিপরীতে মুক্তি প্রতীক্ষিত ‘অপারেশন অগ্নিপথ’-এ অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শিবা অভিনীত একই পরিচালকের শর্টফিল্ম একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে নমিনেটেড হয়েছে।
শ্যামল মাওলা ও শিবা ছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, শিশুশিল্পী আরিয়া অরিত্রি, অপু আহমেদ প্রমুখ। চলচ্চিত্রটি আসছে বছর শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিয়েবার্ষিকীতে বিস্মিত সামিনা
৪ নভেম্বর ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর বিয়েবার্ষিকী। ২৫তম বিয়েবার্ষিকীতে স্বামী ইজাজ খান স্বপনের কাছ থেকে বিশেষ উপহার পেয়ে চমকে যান। সামিনা ভাবতেই পারেননি এমন উপহার কেউ তাকে দিতে পারেন।
জানা যায়, সামিনার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড মিউজিক’ অনেক দিন ধরেই মাঠে নেই। বহুকাল ধরেই বন্ধ প্রতিষ্ঠানটি হঠাৎ করে চালু হয়ে গেল। প্রতিষ্ঠানটির কর্ণধার সামিনা চৌধুরীর স্বামী ইজাজ খান স্বপন বিয়েবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটি চালু করে স্ত্রীকে উপহার দিলেন। নতুনভাবে এর নামকরণ হয়েছে ‘ওয়ার্ল্ড মিউজিক বাংলা’।
সামিনা বলেন, ‘আগের দিনই ও জানিয়েছিল একটি চমক আছে। তবে এটি যে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি হবে তা আমার কল্পনাতেও ছিল না। আজকের দিনটি আমার সারা জীবন মনে থাকবে।’ ২০০০ সালের শুরুর দিকে যাত্রা শুরু হয় ‘ওয়ার্ল্ড মিউজিক’-এর। এই ব্যানার থেকে দেশের অনেক গুণী শিল্পীর গান প্রকাশিত হয়েছে। এবার এটির ইউটিউব চ্যানেলও চালু হয়েছে। এতে পুরনোর পাশাপাশি নতুন গান থাকবে।
ফেইসবুকে নেই মৌসুমী
তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। সানীকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেলেও ঠিকমতো দেখা মেলে না মৌসুমীর। তবে মৌসুমীর নামে ফেইসবুকে রয়েছে অসংখ্য অ্যাকাউন্ট। কোনটা যে ঠিক আর কোনটা যে ভুয়া তা মেলানো কঠিন। ফলে অনেক ভক্তই পড়েন বিভ্রান্তিতে।
স্ত্রীকে নিয়ে সবার বিভ্রান্তির অবসান ঘটাতে সম্প্রতি ফেইসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ওমর সানী। সেখানে নিজের ব্যক্তিগত আইডি ও পেজের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন তিনি। সেই সঙ্গে জানান, এ দুটি আইডি বাদে তার নামে থাকা অন্যসব পেজ, আইডি নকল। ওইসব আইডি থেকে ধর্ম, রাজনীতি ও দেশ নিয়ে আপত্তিকর কিছু পোস্ট করলে কিংবা অনৈতিক লেনদেন, কাজ করলে তিনি দায়ী থাকবেন না। ফেইসবুকে মৌসুমীর কোনো আইডি না থাকার কথাও উল্লেখ করেন তিনি।
ডিসেম্বরে ‘মায়া-দ্য লস্ট মাদার’
ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে মাসুদ পথিক পরিচালিত সিনেমা ‘মায়া-দ্য লস্ট মাদার’। শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পরিচালক নিজেই। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি ও প্রাণ রায়। আরও অভিনয় করেছেন মুমতাজ সরকার [ভারত], দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী প্রমুখ। পরিচালক মাসুদ পথিক বলেন, ‘সিনেমাটি নির্মাণ করতে গিয়ে গত তিন বছরে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে আমাদের। অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত হলো। গতকাল এর টিজার প্রকাশ পেয়েছে। এরপর ২০ নভেম্বর ট্রেলার প্রকাশ পাবে। এ ছাড়া ধারাবাহিকভাবে সিনেমার গানগুলো প্রকাশ করা হবে নিজস্ব পেজ থেকে। আশা করছি, দর্শক-সমালোচকরা নিরাশ হবেন না।’ মায়া-দ্য লস্ট মাদার নির্মাণের জন্য মাসুদ পথিক ২০১৬ সালে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুদান পান।
বিপাকে পাকিস্তানি গায়িকা
পাকিস্তানি পপ গায়িকা রাবি পীরজাদা তার একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে বিপাকে পড়েছেন। হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। কীভাবে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ফাঁস হলো তা পরিষ্কারভাবে জানা না গেলেও নেটিজেনদের একাংশ মনে করছে, পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে একটি ‘আইটেম সং’কে কেন্দ্র করে রাবির বাগযুদ্ধই এর অন্যতম কারণ। কয়েক দিন আগে পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনিরের একটি ছবিতে আইটেম নাচের বিরুদ্ধে কথা বলেন গফুর। সেই ঘটনার সমালোচনা করে টুইটারে পোস্ট দিয়েছিলেন রাবি। তার জেরে রাবির ভিডিও ফাঁস হলো কি-না, তা নিয়ে বাড়ছে জল্পনা। অনেকে আবার বলছেন, রাবির সাবেক প্রেমিকই এ ঘটনার জন্য দায়ী। ব্যক্তিগত আক্রোশ থেকে ভিডিও ফাঁস করা হয়েছে। কেউ আবার বলছেন, নিজেই নিজের ভিডিও তুলেছিলেন রাবি। অসাবধানে সেসব ফাঁস হয়ে গেছে।