হাতীবান্ধায় নেসকো লিমিটেডের বিদ্যুৎ বিতরণের সহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বর্তমান লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ মোতাহার হোসেনের দুই ভাতিজার বিরুদ্ধে।
গত রবিবার দুপুরে নিজ কার্যালয়ে স্থানীয় ঠিকাদার জাহিদুল ইসলাম সজীব ও তার ভাই মাহাবুবুর রহমান কাজল রকি দাসকে মারধর করেন বলে জানিয়েছেন হাতীবান্ধা উপজেলা নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী অনিত কুমার। সজীব ও কাজল সাংসদ মোতাহারের প্রয়াত বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে। তাদের বাড়ি উপজেলার বড়খাতা এলাকায়।
নির্বাহী প্রকৌশলী অনিত কুমার বলেন, অফিসের সহকারী প্রকৌশলী রকি দাসকে মারধর করেন সজীব ও কাজল নামে উচ্ছৃঙ্খল দুই ভাই। তাকে উদ্ধারের চেষ্টা করা হলে তারা আমাকেও মারধরের চেষ্টা ছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবগত করেছি।
হাতীবান্ধা নেসকো কার্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, কাজল তার বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধভাবে একটি আবাসিক বিদ্যুতের মিটার ব্যবহার করে আসছিলেন। বিষয়টি জানার পর গত ৩১ অক্টোবর হাতীবান্ধা বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী রকি দাস ওই মিটারটি খুলে অফিসে নিয়ে আসেন।
পরে গত রবিবার দুপুরে মাহাবুবুর রহমান কাজল ও তার ছোট ভাই ঠিকাদার জাহিদুল ইসলাম সজীব বিদ্যুৎ অফিসে এসে বাগ্বিত-া শুরু করেন। একপর্যায়ে তারা সহকারী প্রকৌশলী রকি দাস ও মিটার রিডার আবেদ আলীকে মারধর করতে থাকেন। এ সময় তাদের উদ্ধারে নির্বাহী প্রকৌশলী অনিত কুমার এগিয়ে এলে তাকেও মারধর করতে এগিয়ে যান ওই দুই ভাই।
ঠিকাদার জাহিদুল ইসলাম সজীব বলেন, আমার বড় ভাইয়ের সঙ্গে একটু ধাক্কাধাক্কি হয়েছে মাত্র। তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভাগে অনিয়মের শেষ নেই। তাদের কোনো মারধর করা হয়নি।