রেলওয়ের জমি থেকে অবৈধ মার্কেট উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জায়গা দখল করে নির্মিত একটি মার্কেট উচ্ছেদ করেছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ এলাকায় রেলওয়ে এ উচ্ছেদ অভিযান চালায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, বড়হরণ এলাকায় রেলগেট সংলগ্ন প্রায় ৪৮ শতক জায়গার ওপর ৩ বছর আগে মার্কেটটি নির্মাণ করা হয়। এখানে ১০৬টি দোকান ছিল। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। এ সময় রেলওয়ের পক্ষে সেখানে ছিলেন সহকারী এস্টেট কর্মকর্তা মো. অহিদুন নবী, কানুনগো মো. ইকবাল মাহমুদ ও সার্ভেয়ার ফারুক হোসেন। এস্টেট কর্মকর্তা মো. অহিদুন্নবী বলেন, এখানকার অবৈধ দখলকারীদের এর আগে নোটিসও করা হয়েছিল। কিন্তু তারা জায়গা দখলমুক্ত করেননি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।