চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তের ৫৮ দশমিক ৪৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বর্তমান সরকারের ৯ মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫ দশমিক ৭৮ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়নসংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৫৩টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৩১টি। ২২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৫৮ দশমিক ৪৯ শতাংশ। একই সময়ে মন্ত্রিসভা বৈঠকে ৫টি নীতি বা কৌশল, ২টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ ছাড়া বৈঠকে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল ব্যবহার নীতিমালা অনুমোদন হয়েছে বলে জানানো হয়েছে।