ইনকিলাব সম্পাদকের নামে দুদকের মামলা

১ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার এজাহার অনুযায়ী বাহাউদ্দীন ইনকিলাব এন্টারপ্রাইজ অ্যান্ড পাবলিকেশনস, মেসার্স শাহীন অ্যান্ড ব্রাদার্স এবং কাদেরিয়া পাবলিকেশনসের পরিচালক।

এজাহারে বলা হয়েছে, বাহাউদ্দীন ১ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৪৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

তিনি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।