৬০ ‘হরিণ শিকারি’ আটক

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ ৬০ জনকে আটক করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বন বিভাগ তাদের ৬ লাখ টাকা জরিমানা করেছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার সকালে সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের প্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তিনটি ট্রলারসহ ৬০ জনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, ধারালো দা, কুড়ালসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের কাছে বন বিভাগের কোনো পাস পারমিট ছিল না। বন বিভাগ জানায়, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। প্রতি বছরই এ সুযোগটি কাজে লাগিয়ে হরিণ শিকারে তৎপর হয় চোরা শিকারিরা।