ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা বাঁশপট্টি নৌকা ঘাটের পাশে সীমানা প্রাচীর রেখে চলে গেছে বিআইডব্লিউটিএর লোকজন। এতে করে জনদুর্ভোগের মুখে পড়েছেন এখানকার বাসিন্দারা।
নদীর তীর রক্ষায় আগের সীমানা প্রাচীরগুলো ছোট হওয়ায় ওই পিলারগুলো সরিয়ে টেকসই সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার উঠিয়ে ফেলা হয় কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় বেশ কটি সীমানা পিলার। এ সময় বাঁশপট্টি নৌকা ঘাটের সামনে পিলার ওঠানোর সময় আগের পিলারটি বাঁশপট্টির সিঁড়িতে ফেলে রেখে চলে যায় বিআইডব্লিউটিএর লোকজন।
মিজান নামের বাঁশপট্টির এক বাসিন্দা জানান, এই পিলারটি সিঁড়িতে রাখার সময় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিলেন দুজন পথচারী। অল্পের জন্য বেঁচে যান তারা। সরকারি কাজ, তাই দায়সারাভাবে পিলারটি ফেলে চলে গেছে বিআইডব্লিউটিএ।
সরেজমিনে কেরানীগঞ্জ বাঁশপট্টি ঘাটের সামনে গেলে দেখা যায় সিঁড়ির মাঝামাঝি একটি সীমানা পিলার পড়ে আছে। এই ঘাটটি দিয়ে মূলত মিটফোর্ড হাসপাতালের রোগীরা বেশি চলাচল করে থাকেন। পিলারটির জন্য দুর্ঘটনার মুখোমুখি হতে পারেন এই ঘাট দিয়ে পারাপার হওয়া নৌকাযাত্রীরা।
চান মিয়া নামে এক বাসিন্দা জানান, রাতে এই ঘাট দিয়ে মিটফোর্ড হাসপাতালের অনেক রোগী ও তাদের স্বজন চলাফেরা করেন। পিলারটি এখন তাদের জন্য দুর্ঘটনার ফাঁদ।
এই কাজের দায়িত্বে থাকা সুপারভাইজার সোহেল মাহমুদ জানান, পিলারটি পরে গড়িয়ে সিঁড়ির সামনে চলে যায়। দ্রুত পিলারটি এই ঘাট থেকে সরিয়ে ফেলব। কথা বলার জন্য বিআইডব্লিউটিএর নৌবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।