কুমিল্লার মেঘনায় ভাওরখোলা ইউপি চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীর বিরুদ্ধে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে’ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
গত ২৭ অক্টোবর হোমনা-মেঘনা আঞ্চলিক সড়কের ভাওরখোলায় চেয়ারম্যানের বিরুদ্ধে সাতজন ইউপি সদস্য বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মাননববন্ধন করে এলাকাবাসী। ওইদিনই মেঘনা আইডিয়াল স্কুলে সংবাদ সম্মেলন করে ওই ইউনিয়নের আটজন সদস্য লিখিত বক্তব্যে চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জমি দখলের কথা তুলে ধরলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ফলাও করে প্রকাশ করে।
এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে একই সড়কে চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীর পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। পরে চেয়ারম্যান নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এলাকায় বিভিন্ন ষড়যন্ত্রসহ কুৎসা রটনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে কয়েকটি মিথ্যা অভিযোগ করেছে স্বার্থান্বেষী মহল।