দিল্লির বায়ু দূষণ: মোদির কাছে হরভজনের আহ্বান

দিল্লি তথা উত্তর ভারতের বায়ু দূষণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দিওয়ালির পর ভারত উত্তরাঞ্চলের বাতাস কার্যত বিষাক্ত রূপ ধারণ করে। এবারও ব্যতিক্রম হয়নি। দিল্লির দূষণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে মানবিক আবেদন করেছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।

দিল্লিতে তীব্র দূষিত আবহাওয়ায় ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে দুশ্চিন্তা প্রকাশ করতে দেখা গিয়েছিল পরিবেশবিদদের। শেষমেশ ম্যাচ নির্বিঘ্নে অনুষ্ঠিত হলেও আগাগোড়া আলোচনার কেন্দ্রে ছিল দিল্লির দূষণ। দূষণের মধ্যেও ম্যাচটিতে ৭ উইকেটের রোমাঞ্চকর জয় পায় টাইগাররা।

পরিস্থিতির সঙ্গে লড়াই চালিয়েও উন্নতির কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। এমন অবস্থায় দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাসহ উত্তর ভারতের বায়ু দূষণ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন হরভজন। বিষয়টির ওপর বাড়তি গুরুত্ব দিতে সংশ্লিষ্ট রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মানবিক আবেদন জানিয়েছেন তিনি।

ক্রিকেটের বাইরেও সামাজিক বিষয় নিয়ে বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হরভজন। এক ভিডিও বার্তায় সাবেক এই তারকা স্পিনার দূষণ দমাতে নিজেরও ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সমাধানের সঠিক পথ খুঁজে দিলে দূষণ রোধে বাকিদের সঙ্গে নিজেও ভূমিকা রাখতে চান বলে জানালেন হরভজন।

ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি উত্তর ভারতের দূষণ নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা সবাই এই দূষণ সৃষ্টির জন্য দায়ী। এমনকি আমি নিজেও। আমরা গাড়ি চালাই পেট্রো পণ্য দাহ্য করি যা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করছি এই বিষয়ে নজর দেওয়ার জন্য। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানার মুখ্যমন্ত্রীদেরও অনুরোধ করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অবিলম্বে বৈঠক করে সমস্যা সমাধানের উপায় খোঁজার জন্য। আমাদের সকলের স্বার্থে, সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সমস্ত নেতৃবৃন্দের এক জোট হয়ে মুক্তির উপায় খুঁজে বার করা উচিত।”

“প্রধানমন্ত্রী মোদী, আপনি এ বিষয়ে একটু সময় দিয়ে আমাদের পরামর্শ দিন কীভাবে ভারতকে দূষণমুক্ত ও স্বাস্থ্যসম্মত করে তুলতে পারি। পরিবেশকে স্বাস্থ্যসম্মত করে তুলতে আমরা প্রত্যেকে নিজেদের ভূমিকা যথাযথ পালন করব।”