নবীগঞ্জে নির্মম নির্যাতন করা হয়েছে পিতৃহারা ৬ বছর বয়সী ছোট শিশু জিসানকে। সেই নির্যাতনের ভিডিও তার প্রবাসী মায়ের কাছে পাঠিয়ে টাকা দাবি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত শিশুটির চাচা স্বপনকে বুধবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ হেডকোয়ার্টারস থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে শিশু জিসান নানার বাড়ীতে রয়েছে। এলাকার স্থানীয় মুরুব্বিদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মামার মাধ্যমে নানা বাড়ীতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের সুফি মিয়ার সঙ্গে বিয়ে হয় সুমনা বেগমের। সুফি মিয়ার মৃত্যুর পর ছোট শিশুর কথা চিন্তা করে সফি মিয়ার ভাই স্বপন মিয়ার কাছে বিয়েতে রাজি হন সুমনা বেগম। এরপর জীবিকার তাগিদে তিনি পাড়ি জমান সৌদি আরব।
সৌদি আরবে গিয়ে শান্তিতে থাকতে পারেননি গৃহবধূ সুমনা। টাকার জন্য তার সন্তাকে নির্যাতন করে দ্বিতীয় স্বামী স্বপন মিয়া। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তা প্রেরণ করে মায়ের কাছে। এই দৃশ্য দেখে মা সন্তানকে নির্যাতনের হাত থেকে উদ্ধার করতে ধাপে ধাপে স্বপনের কাছে টাকা প্রেরণ করেন। সেই টাকা উত্তোলন করে স্বপন। এই বিষয়টি এলাকাবাসীর নজরে এলে স্থানীয় মুরুব্বিদের সহযোগিতায় শিশু জিসানকে তার মামার মাধ্যমে নানার বাড়ী পাঠান।