নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক কথিত প্রযোজককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পল্টন থানায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই তরুণী। মামলা নম্বর ১৬। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা আলিমুল্লাহ খোকন। তিনি জানান, সাদ্দাম হোসেন নামের একজনকে গ্রেপ্তারের কথা শুনেছি। কিন্তু সে আমাদের সমিতির সদস্য নয়। তবে সে এফডিসিতে প্রোডাকশনের কাজ করত।
পল্টন থানা সূত্রে জানা যায়, শ্লীলতাহানির অভিযোগে তরুণীর দায়ের করা মামলায় সাদ্দামকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘সাদ্দাম হোসেন প্রযোজক সমিতির সদস্য না, ও মূলত শুটিং ম্যানেজার। তবে এর আগে সমিতির সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু সদস্য হতে পারেনি।’
সামসুল আলম আরও বলেন, ‘আমরা সাদ্দামের বিরুদ্ধে এফডিসির এমডির কাছে আবেদন করব যাতে সাদ্দাম এফডিসিতে প্রবেশ করতে না পারে।’