৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি করায় জরিমানা

চট্টগ্রামের খাতুনগঞ্জে মিশর ও চীন থেকে ৪৫ টাকায় আমদানি করা পেঁয়াজ পাইকারীতে কেজি ৮০ টাকা দরে বিক্রি করায় এক আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

৬ নভেম্বর বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ৪০-৪৫ টাকায় আমদানি করা পেঁয়াজ পাইকারিতে সর্বোচ্চ ৫০ টাকা বিক্রি হওয়ার কথা কিন্তু অভিযানে গিয়ে মাহিন এন্টারপ্রাইজে দেখা যায় তারা কেজি ৮০ টাকা করে বিক্রি করেছে। এ জন্য তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন,  খাতুনগঞ্জের ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছিল আমদানি কাগজ ছাড়া কোন পেঁয়াজ কিনবে না। কিন্তু অভিযানের সময় ওই প্রতিষ্ঠানে আমদানি কাগজ দেখাতে বললে, তারা কোন ধরনের কাগজ দেখাতে ব্যর্থ হন। অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি জানান, আগামীকাল থেকে নগরীর খুচরা বাজারেও অভিযান হবে।

বুধবারের এই অভিযানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৭ এর সদস্যরা।