যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জয়

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যভিত্তিক নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। গত দুই দশকের বেশি সময়ের মধ্যে ভার্জিনিয়া আইনসভার পূর্ণ নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাত থেকে ডেমোক্র্যাটরা নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

অঙ্গরাজ্য কেন্টাকির গভর্নর নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর জয়ী হয়েছেন ডেমোক্র্যাট অ্যান্ডি বেশার। তবে মিসিসিপি গভর্নর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে রিপাবলিকানরা। কেন্টাকি অঙ্গরাজ্যে ক্ষমতাসীন রিপাবলিকান গভর্নর ম্যাট বেভিনকে চূড়ান্ত গণনায় দশমিক ৪ শতাংশ ভোট ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট অ্যান্ডি বেশার।  ৫২ বছর বয়সী বেভিন অনিয়মের অভিযোগ তুলে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে বেশার বলেছেন, দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

ভার্জিনিয়ায় রিপাবলিকানদের আধিপত্য গুঁড়িয়ে দিয়ে অঙ্গরাজ্যের আইনসভার দুই কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা।