বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল শুরুর সময়ে দিন পাঁচেক পেছানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার নিশ্চিত করেছেন, ১১ ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর।
বিসিবি প্রধান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নানা কারণেই এবার বিপিএল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হচ্ছে না। বিসিবির নিজস্ব আয়োজনে হবে এবারের আসর। যা নিশ্চিত হয়েছিল আগেই। আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্রীড়াঙ্গনে থাকছে নানা আয়োজন। ২০২০ সালকে এরই মধ্যে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
‘মুজিববর্ষ’ উপলক্ষে ক্রীড়া আয়োজনগুলোর সূচনা হচ্ছে এবারের বিপিএল দিয়েই। নাজমুল হাসান পাপন এদিন সাংবাদিকদের জানান, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কাউন্টডাউন শুরু হচ্ছে ৮ ডিসেম্বর। সরকার এর মধ্যেই যা ঘোষণা করেছে। আমরা আনন্দিত একটি কারণে যে, প্রথম দিনেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধনের জন্য সম্মতি দিয়েছেন। আমাদের জন্য এটি বিরাট ব্যাপার, প্রথম দিন থেকে ক্রিকেট দিয়ে শুরু হচ্ছে।’
উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে জমকালো হবে জানিয়ে পাপন বলেন, ‘যেহেতু বঙ্গবন্ধুর নামে হচ্ছে, জাঁকজমকপূর্ণভাবে করা উচিত। এটুকু বলতে পারি, ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত জাঁকজমকপূর্ণভাবে কোনো আয়োজন করা হয়নি। সেরকম কিছু করারই ইচ্ছে আছে।’
এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট হবে ১৭ নভেম্বর। আগের মতো ৭ দল নিয়েই হবে খেলা। এর মধ্যে ৫টি দলের স্পনসর চূড়ান্ত হয়েছে। বাকি দুটি দল বিসিবিরই পৃষ্ঠপোষকতা করার সম্ভাবনা বেশি।