আর্জেন্টিনার ইকার্দির গোলে শেষ ষোলোয় পিএসজি

ম্যাচের শুরুর দিকেই দলকে এগিয়ে নেন মাওরিসিও ইকার্দি। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের গোলই শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দিল। বেলজিয়ান ক্লাব ব্রুজকে হারিয়ে আগেভাগেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করল ফরাসি ক্লাব পিএসজি।

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে অতিথি দলকে ১-০ গোলে হারায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ২১তম মিনিটে গোলপোস্টের খুব কাছ থেকে ডান পায়ের শটে গোলটি করেন ইন্টার মিলান থেকে পিএসজিতে ধারে আসা ইকার্দি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে পিএসজি। সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে নক-আউট পর্ব নিশ্চিত করে রেখেছে তারা। পরের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে না হারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে দলটির।

ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এই নিয়ে ২৩ ম্যাচে অপরাজিত রইল পিএসজি। সবশেষ ২০০৪ সালে নিজেদের মাঠে রুশ ক্লাব সিএসকেএ মস্কোর কাছে হেরেছিল তারা।

প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে গত ২৪ ম্যাচের সবকটিতে গোলের দেখা পেয়েছে পিএসজি। সবশেষ ম্যাচে ২০১৫ সালের নভেম্বরে রিয়ালের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিল তারা।

ব্রুজের বিপক্ষে আরও গোলের সুযোগ পেয়েছিল নেইমারহীন পিএসজি। কিন্তু সেসব কাজে লাগাতে পারেনি টমাস টুখেলের দল।

অতিথি ব্রুজও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। ৭৬তম পেনাল্টি শট থেকে গোল করতে ব্যর্থ হয় সেনেগালিস স্ট্রাইকার এমবায়ে দিয়াগনে।

‘এ’ গ্রুপের অপর ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে ৬-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।