ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় অবস্থিত লিউ ফ্যাশন নামক একটি সোয়েটার ফ্যাক্টরি বিনা নোটিসে বন্ধ ঘোষণার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মিলগেটের সামনে তারা বিক্ষোভ শুরু করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রায় ১ হাজার ১০০ শ্রমিক লিউ ফ্যাশনে কর্মরত আছেন। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। ইতিমধ্যে বেতনের ব্যাপারে বেশ কয়েকবার তারিখ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের বেতন দেওয়ার তারিখ ছিল। কিন্তু সকালে কর্মস্থলে এসে দেখেন ফ্যাক্টরির মূল গেট বন্ধ। বিনা নোটিসে ফ্যাক্টরি বন্ধ ঘোষণার প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। পরে খবর পেয়ে শিল্প পুলিশ ও মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই মাসের বকেয়া বেতন ও ফ্যাক্টরি খুলে দেওয়ার আস্বাস দেয়।
ফ্যাক্টরির স্থানীয় প্রতিনিধি সিরাজুল ইসলাম জানান, সম্প্রতি এমডি মাহবুবুল আলম কুহিনূর মারা যাওয়ায় এবং ফ্যাক্টরির বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী যন্ত্রের ত্র“টি দেখা দেওয়ায় এক সপ্তাহের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে শ্রমিকদের বেতন দিয়ে ফ্যাক্টরি চালু করা হবে। ময়মনসিংহ শিল্প জোন-৫-এর পুলিশ সুপার (এসপি) সাহেব আলী পাঠান জানান, গতকাল সকালে শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও ফ্যাক্টরি বন্ধ করে নোটিস টাঙানো দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।