মোসাদ্দেককে ৬ বলে ৬ ছক্কা হাঁকাতে চেয়েছিলেন রোহিত

রাজকোটে সিরিজ জয়ের স্বপ্ন থাকলেও রোহিত শর্মার দাপুটে ব্যাটিংয়ের কাছে একরকম দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তার ৪৩ বলে ৮৫ রানের ইনিংসে অসহায় হার বরণ করে সফরকারী দল। বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য ১৫.৪ ওভারেই টপকে যায় ভারত।

রোহিত আগ্রাসী ব্যাটিং করতে থাকেন শুরু থেকেই। ৬টি করে ছক্কা ও চারে নিজের ইনিংস সাজান। এর মধ্যে মোসাদ্দেক হোসেনের করা ১০তম ওভারে টানা তিনটি ছক্কা হাঁকান তিনি। ‘হিটম্যান’খ্যাত এই ব্যাটার ম্যাচ শেষে বলেছেন, মোসাদ্দেককে ৬ বলে ৬টি ছক্কা হাঁকানোর টার্গেট করেছিলেন তিনি।

অফ স্পিনার মোসাদ্দেক ১ ওভারই বল করেছেন। তার করা ওভারটিতে ২১ রান তোলেন রোহিত। প্রথম তিন বলেই হাঁকান ছক্কা। চতুর্থ বলেও মারতে চেয়েছিলেন, কিন্তু টাইমিংটা ঠিকঠাক হয়নি। ফলে ডট বল হয়। পরের বলে দুই ও শেষ বলে এক রান নেন রোহিত।

ম্যাচ শেষে যুজবেন্দ্র চাহাল উপস্থাপকের ভূমিকায় সতীর্থ রোহিতের সাক্ষাৎকার নেন। ‘চাহাল টিভি’কে রোহিত বলেছেন মোসাদ্দেকের ওভারে নিজের সেই ইচ্ছের কথা, ‘যখন টানা তিনটি ছক্কা হাঁকালাম, আমি চেষ্টা করতে চেয়েছিলাম ৬টি ছক্কা হাঁকানোর। কিন্তু যখন আমি চতুর্থটি মিস করলাম, আমি সিদ্ধান্ত নিলাম সিঙ্গেল নেওয়ার।’

রোহিত যোগ করেন, ‘অফ স্পিনার বল করছিল এবং আমি জানতাম সেটি খুব বেশি টার্ন করবে না। আমি তাই অপেক্ষা করছিলাম এবং হিট করার চেষ্টা করেছি।’

টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি আছে রোহিতের এক সময়ের সতীর্থ যুবরাজ সিংয়ের। ওয়ানডেতে যে কীর্তি রয়েছে দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবসের।

তবে রোহিত এদিন ভারতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন। এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা রোহিত ১৭ ইনিংসে ৩৭ টি ছক্কা মেরে আছেন তালিকার শীর্ষে।

দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনি ৬২ ইনিংসে মেরেছেন ৩৪টি ছক্কা। ২৬ ইনিংসে ২৬ ছক্কা মেরে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি আছেন তৃতীয় স্থানে।