সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু, আহত ২

সিরাজগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লায় গতকাল শুক্রবার দুপুরে সেপটিক ট্যাংকে আটকা পড়ে শফিকুল ইসলাম (২৮) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক। মারা যাওয়া শফিকুল ওই মহল্লার মৃত মন্টু শেখের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হামীম আহমেদ জানান, ওই মহল্লার শাহাদৎ হোসেন নির্মাণাধীন ভবনের ভেতরের পুরনো একটি সেফটিক ট্যাংক পরিষ্কারের জন্য তিন শ্রমিক ভেতরে নামেন। তারা প্রায় ১৫ ফুট গভীরে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শ্রমিক শফিকুল মারা যান। অপর দুই শ্রমিক ইসমাইল হোসেন (৪২) ও আকাশকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নির্মাণাধীন ভবনের মালিক শাহাদৎ হোসেন ও নিহত শ্রমিক শফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি আবু দাউদ জানান, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।