মুরাদনগরের ট্রাক্টর আখাউড়া থেকে উদ্ধার, আটক ২

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল তাসফি ইটভাটা থেকে চুরি হওয়া ট্রাক্টর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুর মাজার রোড এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় চোরচক্রের দুই সদস্যকে। তারা হলো কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাসান মিয়া (২৫) ও একই গ্রামের মৃত আবদুল করিমের ছেলে কুদ্দুছ মিয়া (২৭)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ঘোড়াশাল এলাকার তাসফি ইটভাটা থেকে একটি পাওয়ার ট্রাক্টর (পাওয়ার টিলার) চুরি হয়। পরদিন বৃহস্পতিবার ভাটার মালিক কামাল হোসেন মুরাদনগর থানায় মামলা করেন। এর কিছুক্ষণ পরই তিনি সংবাদ পান যে তার চুরি হওয়া পরিবহনটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় বিক্রির জন্য নেওয়া হয়েছে।

মুরাদনগর থানার ওসি এ কে এম মনজুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।