সফররত ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কঙ্কাল সাংমা বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক মতবিনিময় সভায় তিনি এ অনুভূতি জানান।
এর আগে দুপুর দুইটার দিকে ময়মনসিংহে পা রাখেন মুখ্যমন্ত্রী কনরাড কঙ্কাল সাংমা। বিকেলে তিনি সিটি মেয়রের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বৈঠকে অংশ নেন। পরে তিনি দুর্গাবাড়ি মন্দির পরিদর্শন করেন।
সন্ধ্যায় সিটি করপোরেশন মিলনায়তনে স্থানীয় রাজনীতিক, ব্যবসায়ী ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক জোরালো করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
হালুয়াঘাট ও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রপ্তানি বাড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ এ দুটি স্থলবন্দরের ব্যবহার বাড়াতে হবে। এ দুই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাড়ানোর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্কও উন্নত হবে।’
সভায় মেয়র ওই দুটি স্থলবন্দর দিয়ে আসা কয়লা ও পাথর আমদানির ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের নানা হয়রানির কথা তুলে ধরে এ বিষয়ে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।