শাহ আমানত বিমানবন্দরে বিদেশি সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে ১৩৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে আসা মো. আবু আল হাসান নামে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে তাতে ১৩৬ কার্টন ডানহিল ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। পরে সিগারেটগুলো জব্দ করা হয়।

বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স)-এর উপপরিচালক মো. সৈকত জানান, বিমানবন্দরে ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। এ সময় ওই সিগারেট পাওয়া যায়। পরে ওই যাত্রী ও সিগারেটগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানান তিনি।