ছাগল বাঁচাতে গিয়ে সাত জনকে পিষে মারল বাস

পঞ্চগড়ে মিনিবাস চাপায় সাত ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাগল বাঁচাতে গিয়ে মিনিবাসটি বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার চেকরমারি গ্রামের ইজিবাইকচালক রফিক (২৮), বদিনাজোত গ্রামের আকবর আলী (৭২) ও তার স্ত্রী নুরিমা (৬৫), রায়পাড়া গ্রামের মাকুদ হোসেন (৪৩), সাহেবজোত গ্রামের নার্গিস বানু (৪২), তেঁতুলিয়ার মাঝিপাড়া গ্রামের লাবু ইসলাম (২৫) ও তার স্ত্রী মুক্তি (১৯)। দেড় মাস আগে লাবু ও মুক্তি দম্পতির বিয়ে হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হাইওয়ে পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ এনে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে জনতার তোপের মুখে পড়েন। পরে আড়াই ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টায় যান চলাচল শুরু হয়।

পুলিশ সুপার ইউসুফ আলী বলেন, পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী মিনিবাসটি আমতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান। মিনিবাসটিকে জব্দ করা হয়েছে। বিক্ষুব্ধদের শান্ত করার পর যান চলাচল শুরু হয়েছে বলেও জানান তিনি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সিরাজউদ্দিন পলিন জানান, দুর্ঘটনায় গুরুতর আহত আকবর ও মুক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেহানুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়াও গতকাল ঢাকার কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে যুবক প্রাণ হারান। আগের রাতে লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরেক যুবক মারা যান।

কেরানীগঞ্জ : গতকাল দুপুর ২টার দিকে কেরানীগঞ্জে রুহিতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আসাদুল হক ইপু (৩৮) ও তার ছেলে সোহান (৬) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত আসাদুলের স্ত্রী রেশমা বেগম (৩২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রেশমা জানান, তারা রাজধানীর সায়েদাবাদের করাতিটোলায় থাকেন। মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি নবাবগঞ্জের বাগমারা যাচ্ছিলেন। রুহিতপুর পোড়াহাটি এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়ে আহত হন। স্থানীয়রা তাদের ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বাবা ও ছেলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

লালমনিরহাট : হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় খায়রুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার শস্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খায়রুল পাটগ্রাম উপজেলার মোমিনপুর গ্রামের আমির আলীর ছেলে। হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় শুক্রবার সকালে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনাচালক আরিফ মিয়া (২০) নিহত হন। এ সময় বাসের ১৫ যাত্রী আহত হন। আরিফ সাদুল্লাপুর উপজেলার তিলকপাড়া গ্রামের সঞ্জু মিয়ার ছেলে। পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান মাসুদ জানান, উপজেলা শহরে যাওয়ার উদ্দেশে সকালে লেগুনা নিয়ে বের হন আরিফ। মহেশপুর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তার লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যান।

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য সংবাদে ব্যবহৃত হয়েছে।