সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল ১২ দোকান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২টি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার ভোরে শিমরাইল টেকপাড়া এলাকায় ডেমরা সড়কের পশ্চিম পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা।

আদমজী ও ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণ করে।

একটি খাবার হোটেলের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিক খালেক ও ফারুক। আগুনে পুড়েছে ১টি মোটরসাইকেল গ্যারেজ, ১টি খাবার হোটেল, ৮টি ভাঙ্গারি, ১টি চা পান ও ১টি ব্যাটারি চার্জিং দোকান।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. শাহজাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি। খাবার হোটেলের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি। তবে ১২টি দোকান পুড়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, শিমরাইল এলাকায় ডেমরা সড়কের দুই পাশে সরকারি জায়গা দখল করে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দোকানপাট গড়ে তুলে ভাড়া বাণিজ্য করছে। কয়েক শতাধিক দোকান রয়েছে এ সড়কের দুই পাশে।