বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার রহস্য বলতে চান না রোহিত

ব্যাট হাতে বরাবরই খুনে মেজাজে আবির্ভূত হন তিনি। নিজের দিনে প্রতিপক্ষকে চূর্ণ করে দিতে পারেন একা হাতে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেলে ‘হিটম্যান’ খ্যাত রোহিতের ব্যাট যেন আরো ধারালো হয়ে ওঠে। রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই যার প্রমাণ রেখেছেন।

তা বাংলাদেশের বিপক্ষে এমন খেলার রহস্য কী? রোহিত রহস্যটা নিজের মধ্যেই রাখতে চান। বলে দিলে প্রতিপক্ষ যে তাকে আটকে দেবে!

নাগপুরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটিতে রবিবার মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। সিরিজে ১-১ সমতা থাকায় এই ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল।

এ ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশের বড় ভয়ের কারণ হবেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত। রাজকোটে ৪৩ বলে ৮৫ রানের ইনিংস খেলে যিনি হারিয়ে দেন বাংলাদেশকে। ৮ উইকেটের দাপুটে জয় পায় ভারত। দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে।

বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার রহস্য জানতে চাইলে শনিবার সংবাদ সম্মেলনে রোহিত শুরুতে মজা করে বললেন, ‘যদি আমি বলি রহস্যটা কি, তবে তারা জেনে যাবে। তারা আমাকে আটকে ফেলবে। আমি তাই সেটি (রহস্য) প্রকাশ করতে চাই না।’

‘হিটম্যান’ যোগ করেন, ‘আমি সব প্রতিপক্ষের বিপক্ষে খেলতেই ভালোবাসি, শুধু বাংলাদেশের বিপক্ষে নয়। আমি এখনে এসেছি ক্রিকেট খেলতে। নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করা অনেক বড় সম্মানের। আমি এর প্রতিটি ক্ষেত্রই উপভোগ করি।’