বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক

ভারতের উত্তরাঞ্চলের শহর অযোধ্যায় ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। কিন্তু ইতিহাস বলছে, বিতর্কিত ওই জমি নিয়ে বহু আগে থেকেই ঝামেলা চলছিল।

৫১১৪ খ্রিস্টপূর্বাব্দ : কিছু হিন্দুদের মতে, অযোধ্যার উত্তরাঞ্চলে তাদের দেবতা রামের জন্ম হয়।

১৫২৮ খ্রিস্টাব্দ: বাবরি মসজিদ নির্মাণ।

১৮৫৩ : ধর্মকে কেন্দ্র করে প্রথমবারের মতো সহিংসতার ঘটনা ঘটে বলে জানা যায়। ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন দুই ধর্মের উপাসনার জায়গা আলাদা করার উদ্দেশ্যে বেষ্টনী তৈরি করে।

১৯৩৪-১৯৪৯ : একটি গরু জবাই করাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। মসজিদের ভেতর রাম-সীতার মূর্তি স্থাপন করে কিছু মানুষ। আদালতের নির্দেশে ওই মূর্তি সরিয়ে নেওয়া হয়।

১৯৮৬ : জেলার বিচারক আদেশ দেন যেন বিতর্কিত মসজিদের দরজা উন্মুক্ত করে দিয়ে হিন্দুদের সেখানে উপাসনার সুযোগ দেওয়া হয়।

১৯৯০ : ভারতীয় জনতা পার্টির তৎকালীন নেতা এল কে আদভানির নেতৃত্বে বাবরি মসজিদ অভিমুখে মিছিল করা হয়। ভারতীয় সেনাবাহিনী ওই মিছিল আটকে দেয় এবং আদভানিকে গ্রেপ্তার করে। ওই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় ৩০ জন হিন্দু নিহত হয়।

১৯৯২ : ভিএইচপি, বিজেপি ও শিব সেনা পার্টির সমর্থকরা মসজিদটি ধ্বংস করে। এর ফলে পুরো ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে হওয়া দাঙ্গায় ২ হাজারের বেশি মানুষ মারা যায়।

২০০২ : ফেব্রুয়ারিতে গুজরাট রাজ্যে হিন্দু অ্যাকটিভিস্টদের বহনকারী একটি ট্রেনে হামলার ঘটনায় ৬০ জন মারা যায়। ট্রেন হামলার জের ধরে গুজরাটে হওয়া দাঙ্গায় ২ হাজার মানুষ মারা যায়। একই বছরের এপ্রিলে ধর্মীয়ভাবে পবিত্র হিসেবে বিবেচিত জায়গাটির মালিকানার দাবিদার কারা, তা নির্ধারণ করতে তিনজন হাইকোর্ট বিচারক শুনানি শুরু করেন।

২০১০ : এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে স্থানটির নিয়ন্ত্রণ ভাগাভাগি করে দেওয়া উচিত। কোর্টের রায় অনুযায়ী এক-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ মুসলিমদের, এক-তৃতীয়াংশ হিন্দুদের এবং বাকি অংশ ‘নির্মোহী আখড়া’ গোষ্ঠীর কাছে দেওয়া উচিত।

২০১১ : ২০১০ সালের রায়ের বিরুদ্ধে হিন্দু ও মুসলিম দুই পক্ষই আপিল করায় হাইকোর্টের পূর্ববর্তী রায় বাতিল করে সুপ্রিম কোর্ট ।

২০১৯ নভেম্বর : বিতর্কিত জায়গাটিতে মন্দির তৈরির পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আর মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জায়গা বরাদ্দ দেওয়ার রায় দেওয়া হয়।