চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লিটন দাস ও সৌম্য সরকারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে মোহাম্মদ নাঈমের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। পেয়েছিল জয়ের দারুণ মঞ্চও।
কিন্তু অন্যদের ব্যর্থতায় সেটি হয়নি। নাগপুরে ম্যাচ ও সিরিজ হারের পর তাই নাঈমের জন্য খারাপ লাগার কথা প্রকাশ্যেই বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে ৩০ রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে ১৯.২ ওভারে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। দীপক চাহার হ্যাটট্রিক করেন। এ ছাড়া গড়েছেন টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড (৬/৭)।
এর মাঝে বাংলাদেশি তরুণ নাঈম ছিলেন উজ্জ্বল। এই বাঁ-হাতি ওপেনার ৪৮ বলে ৮১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ১০টি চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস। ফিফটি ছুঁয়েছিলেন ৩৪ বলে। অথচ নিজের মাত্র তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন এই ২০ বছর বয়সী।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাঈমের কাছে এক রকম দুঃখ প্রকাশই করলেন মাহমুদউল্লাহ, ‘যদি এক কথায় বলি, খুবই দৃষ্টি নন্দন ছিল ওর (নাঈম) ইনিংসটা। আমার খারাপ লাগছে যে ও এত সুন্দর ইনিংস খেলছে, আমরা ফিনিশ করতে পারিনি। এ কারণে আমার হতাশাটা বেশি। ও এত সুন্দর ইনিংস খেলেছে। আমরা যদি ফিনিশ করতে পারতাম সেটা দারুণ হলো ওর জন্য এবং দলের জন্য।’