নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেটকারের ধাক্কায় মোমেনা খাতুন (৩৮) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টায় উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের ধলাগাছ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
মোমেনা খাতুন একই উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের আবু বক্কর সিদ্দিকীর স্ত্রী।
এলাকাবাসী জানায়, মোমেনা খাতুন ওই সড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোমেনা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মোমেনার স্বামী আবু বক্কও সিদ্দিকী বলেন, ‘আমার স্ত্রী অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। প্রতিদিনের মতো সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিল।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মোমেনার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।’