মৌলভীবাজারের শরীফপুর সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা বিলুপ্তপ্রায় সোনালি চিতাটি বন বিভাগের মাধ্যমে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেছে বিজিবি। পরে প্রাণীটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
সোমবার দুপুরে বিজিবি- ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম (বার) আনুষ্ঠানিকভাবে বন বিভাগের কাছে বিড়াল জাতীয় বন্য প্রাণী সোনালি চিতাটিকে হস্তান্তর করেন।
লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, সীমান্তবর্তী এলাকায় এক ব্যক্তির কাছ থেকে বিলুপ্তপ্রায় প্রাণীটি উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
এ বিষয়ে বন বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েস হোসেন বলেন, সোনালি চিতাটি বিলুপ্তপ্রায় প্রাণী ও ছোট হওয়ায় এটিকে এখন বনে ছাড়া যাবে না । তাই প্রাণীটি রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেবের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, সোনালি চিতা এক সময় এ এলাকায় প্রচুর পরিমাণে দেখা যেতো। এরা মূলত গভীর জঙ্গলে বসবাস করে। ছোট ছোট পাখি ও ইঁদুর ধরে খায় তারা। বর্তমানে গভীর জঙ্গল কমে যাওয়ায় এ প্রজাতি বিলুপ্তির পথে।
তিনি আরও জানান, বড় হলে প্রাণীটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।