প্রায় ৪৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চার চাকমার জুম এলাকায় কাদায় আটকে পড়া হাতিটি মারা গেল। গত রবিবার ভোর ৬টায় এটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মঞ্জু আলম জানান, হাতিটিকে কাদা থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী শুকনা জায়গায় তুলে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চুনতি বনের এ এশিয়ান হাতিটি মারা যায়। চকরিয়া সাফারি পার্কের প্রাণী চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে চুনতি চাকমার জুম এলাকায় এনে এ হাতির চিকিৎসা চলে।
চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি হাতিটিকে বাঁচাতে। কিছু খাবারও খেয়েছে। কিন্তু সকালে এটি মারা যায়। হাতিটির বাম পায়ে পচন ধরেছে। পদুয়া রেঞ্জ কর্মকর্তা সারোয়ার জাহান জানান, হাতিটিকে প্রথমে ময়নাতদন্ত করার পর মাটিতে পুঁতে ফেলা হবে।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর চুনতি অভয়ারণ্যের এ হাতিটি খাদ্যের খোঁজে এসে নারিশ্চা চাকমার জুম এলাকায় কাদায় আটকে যায়। পরদিন পদুয়া রেঞ্জ ও চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্তৃপক্ষ মৃতপ্রায় হাতিটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।