ঘূর্ণিঝড় বুলবুলে অচল হয়ে পড়া চট্টগ্রাম বন্দর পুরোপুরি সচল হয়েছে। শুরু হয়েছে বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস, জেটিতে কন্টেইনার ওঠানামা ও বন্দর থেকে পণ্য ডেলিভারি।
চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক দেশ রূপান্তরকে জানান, রবিবার দুপুর থেকে বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। তবে সোমবার থেকে বন্দর পুরোপুরি সচল হয়েছে। বহির্নোঙরে লাইটারেজ জাহাজে পণ্য খালাস থেকে শুরু করে জেটিতে পণ্য ওঠানামা এবং ইয়ার্ড থেকে কন্টেইনার ডেলিভারি সবকিছুই এখন স্বাভাবিকভাবে চলছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তালের কারণে শুক্রবার দুপুর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে পণ্য খালাস বন্ধ হয়ে পড়ে।
গতকাল সোমবার চট্টগ্রাম বন্দর জেটিতে সাতটি কন্টেইনার জাহাজ ও চারটি সাধারণ পণ্যবাহী জাহাজে পণ্য ওঠানামার কাজ চলেছে। এছাড়া বহির্নোঙরে অবস্থান করা ৮০টি জাহাজের মধ্যে একটি সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ থেকে পণ্য লাইটারেজ জাহাজে খালাস হয়েছে।