রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকা থেকে গত রবিবার চাঁদাবাজির মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মো. কাঞ্চন (৩০), তামজিদ খান হৃদয় (২৬), মো. মিলন (২৫), মো. শাহাদৎ হোসেন ওরফে রেজাউল (২৩), কবির হোসেন (৪০) ও আবদুল আলীম ওরফে হালিম (২৭)।
ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার রওশানুল হক সৈকত জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশাচালক মুনসুর আলী মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে পৌঁছলে কয়েকজন তার রিকশা থামিয়ে চাঁদা দাবি করে। এখন থেকে অটোরিকশা চালাতে হলে প্রতি মাসে তাদের দেড় হাজার টাকা দিতে হবে বলে জানায়। পরে মনসুর মোহাম্মদপুর থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
স্থানীয় একাধিক অটোরিকশাচালক জানানÑ চন্দ্রিমা উদ্যান, রাজধানী উদ্যান ও বেড়িবাঁধ এলাকায় কাউন্সিলর রাজিবের একাধিক সহযোগী রিকশা ও ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি করত। রাজিব গ্রেপ্তার হওয়ার পরও চাঁদাবাজি অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার জানান, গ্রেপ্তারের সময় চাঁদাবাজির ৬ হাজার ৮০০ টাকা, তিনটি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের স্টিকার জব্দ করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।