নাইক্ষ্যংছড়িতে ২ বিজিবি সদস্য গুলিবিদ্ধ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গোলাগুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘুমধুম সীমান্তে এ ঘটনা ঘটে। ইয়াবা পাচারকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে বিজিবি।

আহত দুই বিজিবি সদস্য হলেন ফরিদ উদ্দিন ও মৃত্যুঞ্জয়। এদের মধ্যে ফরিদ উদ্দিনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে এবং মৃত্যুঞ্জয়কে বিজিবির সেক্টর সদরদপ্তর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সোমবার রাতে দেশ রূপান্তরকে জানিয়েছেন।

এলাকাবাসী জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিজিবির একটি টহল দল তুমব্রু ও বাইশফাড়ির মাঝামাঝি এলাকায় যায়। সেখানে বিজিবির ওই দলটির ওপর হটাৎ গুলি চালানো হয়। তখন বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে টহল দলের দুই বিজিবি সদস্য পায়ে গুলিবিদ্ধ হন।

বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার চালান আসার কথা জানতে পেরে বিজিবি অভিযানে যায়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পাহাড়ের ওপর থেকে গুলি ছোড়ে। এ সময় ফরিদ উদ্দিন ও মৃত্যুঞ্জয় পায়ে গুলিবিদ্ধ হন। পরে বিজিবির পাল্টা গুলিতে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়।’

হামলাকারীদের ধরতে সীমান্তে অভিযান চলছে বলেও জানান বিজিবি অধিনায়ক সাজেদুর রহমান।